Homeঅর্থনীতিট্রেজারি কাঠামোর বাইরে ১৯ হাজার সরকারি হিসাব, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

ট্রেজারি কাঠামোর বাইরে ১৯ হাজার সরকারি হিসাব, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

সরকারের একক ট্রেজারি অ্যাকাউন্ট (টিএসএ) ব্যবস্থার বাইরে এখনো প্রায় ১৯ হাজার ব্যাংক হিসাব রয়েছে। ফলে সরকারি অর্থের লেনদেন, ব্যয় ও নগদ প্রবাহের ওপর পূর্ণাঙ্গ নজরদারি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পেনশন ও রাজস্ব আদায়ে ডিজিটাল ব্যবস্থা চালু হলেও বিপুলসংখ্যক হিসাব এখনো কেন্দ্রীয় ট্রেজারি কাঠামোর বাইরে রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার সংস্থা এবং দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পের হিসাবও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এসব হিসাব বিচ্ছিন্নভাবে পরিচালিত হওয়ায় অর্থের ব্যবহার ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে সরকারের প্রকৃত নগদ অবস্থান নিরূপণেও সমস্যা সৃষ্টি হচ্ছে।

এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, টিএসএ কাঠামোর বাইরে থাকা হিসাবগুলোর কারণে আর্থিক নিয়ন্ত্রণ ও জবাবদিহিতে বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে ব্যয়ের তথ্য কেন্দ্রীয় আইবাস প্লাস প্লাস সিস্টেমে যথাযথভাবে প্রতিফলিত হয় না।

সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, একটি সমন্বিত প্ল্যাটফর্ম ছাড়া সরকারি অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। কেন্দ্রীয় ব্যবস্থার সঙ্গে মাঠপর্যায়ের তথ্যের সমন্বয় ঘটাতে হবে।

অন্যদিকে সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, সব হিসাব সরাসরি ট্রেজারিতে আনার সুযোগ না থাকলেও স্থানীয় সরকার ও দাতা সংস্থার প্রকল্পভিত্তিক হিসাবগুলো ধাপে ধাপে একক কাঠামোর আওতায় আনা প্রয়োজন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, টিএসএর বাইরে থাকা হিসাবগুলোর ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ থাকলেও সরাসরি ব্যয় পর্যবেক্ষণ সম্ভব হয় না। এতে অর্থ অপচয় ও অনিয়মের ঝুঁকি থেকে যায়।

এ পরিস্থিতিতে অর্থ বিভাগ আগামী ৩০ জুনের মধ্যে বাণিজ্যিক ব্যাংকে থাকা সরকারি অর্থ বাংলাদেশ ব্যাংকের মূল ট্রেজারি অ্যাকাউন্টে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আগামী ১ জুলাই থেকে শতভাগ ই-চালান ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার সংস্থা এবং দাতা অর্থায়িত প্রকল্পগুলোর হিসাবও ধাপে ধাপে কেন্দ্রীয় ট্রেজারি কাঠামোর আওতায় এনে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য