খুলনার দিঘলিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও তার পরিবারের তিন সদস্য নিহত হন।
জানা গেছে, খুলনা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিহাব। দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শিহাবের স্ত্রী ২২ বছর বয়সি ফারজানা, ২০ বছর বয়সি শ্যালিকা রুবিয়া এবং তাদের ২২ মাস বয়সি শিশুসন্তান।
দিঘলিয়া থানার ওসি শুভ্র প্রকাশ দাস জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


