রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামের এক নারীসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে ওই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানাড, অন্যান্য দিনের মতো গতকাল মঙ্গলবার দুপুরেও টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ১০-১২ ফুট উঁচু পুরনো দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালচাপা পড়ে সাত-আটজন আহত হন। এর মধ্যে মুখ থেঁতলানো ও পা ভেঙে নাসিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। অন্য একজন বৃদ্ধও মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলের সড়কটি মিরপুরের লাভ রোড হিসেবে পরিচিত। মারা যাওয়া নাসিমা বেগম পাশের জনতা হাউজিং এলাকার বাসিন্দা।
সেখানে প্রতিদিনই টিসিবির পণ্য বিক্রি হয়। কিছুটা কম দামে নিত্যপণ্য নিতে মানুষ ভিড় করে এখানে।বিকট শব্দে দেয়ালটি ভেঙে পড়ার পর স্থানীয়রা ও পুলিশ মিলে ইটের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধার করে। আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় নাসিমা বেগম নামের ওই নারীকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, দুপুর ১টা ২৬ মিনিটের দিকে হঠাৎ মিরপুর কলেজের দেয়াল ধসে পড়লে আটজন আহত হন। পরে তাঁদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আরেক নারী।
কমিটি গঠন : রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের সীমানাদেয়াল ধসে দুজন নিহত ও সাতজন আহত হওয়ার ঘটনায় রাজউক, গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। গতকাল বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


