Homeজাতীয়স্পেনে বৈধতার জন্য ২০ হাজার বাংলাদেশির আবেদন

স্পেনে বৈধতার জন্য ২০ হাজার বাংলাদেশির আবেদন

স্পেনে বসবাসরত অনিয়মিত ও নিবন্ধনবিহীন প্রায় ২০ হাজার বাংলাদেশি আগামী বছরের মধ্যে বৈধ মর্যাদা পেতে যাচ্ছেন। দেশটির সরকার সম্প্রতি প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধ করার যে বিশেষ মানবিক কর্মসূচি হাতে নিয়েছে, তার আওতায় এই বাংলাদেশিরা আবেদন করেছেন। ঢাকায় ও মাদ্রিদে সংশ্লিষ্ট সূত্র এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। পুরো প্রক্রিয়াটি আগামী বছরের মধ্যে সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।

পাঁচ লাখের বিপরীতে প্রায় ১২ লাখ আবেদন

স্পেনের অন্তর্ভুক্তি, সামাজিক নিরাপত্তা ও অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত চলা বিশেষ বৈধকরণ কর্মসূচিতে মোট ১১ লাখ ৭৪ হাজার ৯৭৮টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ইতোমধ্যে ছয় লাখ ৯ হাজার ৭৩৭টি আবেদন প্রক্রিয়াকরণ হয়েছে এবং এক লাখ ৫৯ হাজারের বেশি অভিবাসী স্পেনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় নিবন্ধিত হয়েছেন। বৈধতা প্রাপ্তরা মূলত হোটেল, বাণিজ্য, প্রশাসনিক সেবা ও নির্মাণ খাতে কাজ করার সুযোগ পাচ্ছেন।

তবে সরকার পাঁচ লাখ কর্মী বৈধ করার ঘোষণা দিলেও নির্ধারিত সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি আবেদন জমা পড়ায় অভিবাসীদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। তিন মাসের মধ্যে আবেদন নিষ্পত্তির কথা থাকলেও বাস্তবে ধাপে ধাপে কাজ এগোচ্ছে।

শোষণ থেকে মুক্তি ও ন্যূনতম মজুরির সুযোগ

স্পেনে অবস্থানরত বাংলাদেশের এক কূটনীতিক জানান, আবেদনকারী ২০ হাজার বাংলাদেশির মধ্যে যাদের বিরুদ্ধে স্থানীয় আইন ভঙ্গের মতো গুরুতর অভিযোগ বা অতীতে বহিষ্কারের আদেশ নেই, তারা সবাই বৈধতা পাবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমানে অনিয়মিত বাংলাদেশি অভিবাসীরা মাসে মাত্র ৫০০ থেকে ৬০০ ইউরো বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে তারা বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত থেকে ন্যূনতম মজুরি ও সামাজিক নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বৈধতা পাওয়ার পর এসব কর্মী স্পেনের আইন অনুযায়ী সরকারি ন্যূনতম মজুরি ও সামাজিক নিরাপত্তার আওতায় আসবেন, যা তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বদলে দেবে।

রেমিট্যান্স দ্বিগুণ হওয়ার সম্ভাবনা

স্পেনে বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন বলে ধারণা করা হয়, যদিও দেশটির নাগরিকত্ব পাওয়ার পর অনেকেই অন্য দেশে পাড়ি দিয়েছেন। ২০২৪-২৫ অর্থবছরে স্পেন থেকে দেশে ১৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ২০ হাজার বাংলাদেশি বৈধতা পেলে আগামী কয়েক বছরে দেশটিতে থেকে রেমিট্যান্সের পরিমাণ বেড়ে ২৫ থেকে ৩০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

ইউরোপের অনেক দেশ যখন অভিবাসননীতিতে কঠোর অবস্থান নিয়েছে, তখন স্পেনের এমন উদ্যোগকে বিশেষজ্ঞরা তাদের ৩.৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শ্রমবাজারের সংকটের সাথে যুক্ত করে দেখছেন। নির্মাণ, হোটেল ও কৃষি খাতে শ্রমিকের তীব্র সংকট দূর করতেই মাদ্রিদ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও দেশটির বিরোধী দল পিপলস পার্টি এর বিরোধিতা করেছে, তবে ক্যাথলিক চার্চ ও মানবাধিকার সংস্থাগুলো সরকারের এই পদক্ষেপর প্রশংসা করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য