Homeঅপরাধনড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে হত্যা

৭ জেলায় ৪ খুন, ৪ লাশ
নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে হত্যা

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ময়মনসিংহের দুই উপজেলায় একই রাতে দুজন খুন হয়েছেন।

নারায়ণগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে পিটুনিতে আহত বৃদ্ধ গতকাল মারা গেছেন। মাদারীপুরে পারিবারিক কলহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক হয়েছেন স্বামী।

এ ছাড়া ঢাকার সাভার, বরিশাল, রাজবাড়ী ও মুন্সীগঞ্জে পাওয়া গেছে চারজনের লাশ। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর :

নড়াইল : লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার রাতে ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিনুর ফকির কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে পাওনা টাকা চাইলে আলিনুরের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে রাজিব ছুরি দিয়ে আলিনুরের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ : সদর ও গৌরীপুর উপজেলায় গত শনিবার রাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে গতকাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গৌরীপুরের মইলাকান্দা ইউনিয়নের ডেংগা মোড় সংলগ্ন এলাকা থেকে আব্দুল মান্নান ওরফে মুন্নাফ (৬৫) নামের বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।তিনি শনিবার রাতে প্রতিবেশী মোস্তফার সঙ্গে ডেংগা মোড় থেকে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ মোস্তফা আড়াল হয়ে গেলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আব্দুল মান্নানকে লক্ষ্য করে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ময়মনসিংহের সদর উপজেলায় এক ইজি বাইকচালক রাজিব ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত রাজিব ইসলাম নগরীর চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : ঝগড়া থামাতে গিয়ে পিটুনিতে আহত ফজলুল হক (৬০) দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে নিহতের পরিবারের দাবি, এক বছর আগে ছেলের হত্যা মামলার বাদী হওয়ায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

‎পুলিশ জানায়, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকার ‘আহসান ভিলা (মিয়া বাড়ি)’র সামনে এই হামলার ঘটনা ঘটে।

কালকিনি (মাদারীপুর) : পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোবাদা বেগম (৬০) ওই গ্রামের সুলতান সরদারের স্ত্রী।

সাভার (ঢাকা) : আশুলিয়ায় নদীতে ভাসমান অবস্থায় ওয়েস্টেজ ব্যবসায়ী মঈনুল ইসলামের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে শিমুলিয়া ইউনিয়নে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ২৬ হাজার ৩৪০ টাকা, একটি স্মার্ট মোবাইল ফোন ও বেশ কয়েকটি চাবি উদ্ধার করা হয়।

নিহত মঈনুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে।

বরিশাল : নগরীতে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধা সালেহা বেগমের (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে আলেকান্দা এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই বৃদ্ধার ছেলে রাজিব সিকদার সোহাগ জানান, তিন মাস আগে তাঁর মায়ের পেটের অপারেশন হয়েছে। এর পর থেকে তিনি প্রায়ই অসুস্থ। মাঝেমধ্যে ব্যথায় চিৎকার করতেন। রবিবার সকালে তিনি ও তাঁর স্ত্রী বাসার বাইরে যান। মা বাসায় একাই ছিলেন। তাঁরা বাসায় ফিরে দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ, মাকে ডেকেও সাড়া পাচ্ছেন না। পরে পুলিশ ডেকে দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

রাজবাড়ী : কালুখালী উপজেলায় জসিম শেখ (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জসিম শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে।

গতকাল সকালে গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশে একটি পোলট্রি খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালুখালী থানার ওসি মোস্তফা কামাল জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মুন্সীগঞ্জ : নিখোঁজের চার দিন পর খাল থেকে ভাসমান অবস্থায় লাকি বেগমের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে সদর উপজেলার চরনুশুরা গ্রামের ঝাপটা এলাকায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, মৃতদেহটি মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষিকা লাকি বেগমের। মুন্সীগঞ্জ শহরে তাঁর বাসা থেকে চার দিন আগে তিনি নিখোঁজ হন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য