গাজীপুরে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ঢাকনাবিহীন অরক্ষিত ম্যানহোলে পড়ে নাজমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার বলাডাঙ্গা এলাকার আবদুল বারীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার বিকালে ভারী বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় বিআরটি প্রকল্পের একটি ড্রেনের ঢাকনা খোলা ছিল, যা বৃষ্টির পানিতে আড়াল হয়ে যায়। পথচারী নাজমা বেগম হেঁটে যাওয়ার পথে খোলা ম্যানহোলটি (ড্রেন) বুঝতে না পেরে তিনি সেখানে পড়ে পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পথচারীরা দুর্ঘটনার বিষয়টি ভোগড়া ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় পৌনে এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে কিছু দূরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, নিহতের কোনো নিকটাত্মীয়কে খুঁজে না পাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে জানানো হয়েছে। তার লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে, গত বছর গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম নামে এক নারী নিখোঁজ হন। তিন দিন পর প্রায় ঘটনাস্থলের এক কিলোমিটার দূরের একটি বিল থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।


