Homeআন্তর্জাতিকআফগানিস্তানে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

আফগানিস্তানে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ট্রাক উল্টে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ শিশু রয়েছে বলে জানিয়েছেন এক প্রাদেশিক কর্মকর্তা।

আজ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ বিষয়টি জানা গেছে। 
দীর্ঘদিনের সংঘাতের কারণে সড়ক অবকাঠামোর দুরবস্থা, বেপরোয়া গাড়ি চালানো এবং কার্যকর নিয়ন্ত্রণের অভাবে আফগানিস্তানে প্রায়ই প্রাণঘাতি সড়ক দুর্ঘটনা ঘটে।

লাগমান প্রদেশের গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজাই জানান, ট্রাকটিতে পাকিস্তান থেকে ফেরত আসা আফগান পরিবারের সদস্যরা ছিলেন। তারা পাকিস্তানেই বসবাস করতেন।

তিনি বলেন, ‘নিহত ১৮ জনের মধ্যে ১০ শিশু, পাঁচ নারী ও তিন পুরুষ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৯ জন।’

দুর্ঘটনাটি ঘটেছে পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ ও রাজধানী কাবুলের মধ্যবর্তী সড়কে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান সরকার দেশটিতে অবস্থানরত আফগান অভিবাসী ও শরণার্থীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এর ফলে বিপুলসংখ্যক আফগান নাগরিক দেশে ফিরছেন। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা তাদের মালপত্র নিয়ে ট্রাকে করে যাত্রা করছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত পাকিস্তান থেকে চার লাখ ৪৭ হাজার ৪০০ আফগান নাগরিক দেশে ফিরেছেন।

এর আগে গত বছরের আগস্টে পশ্চিম আফগানিস্তানে ইরান থেকে ফেরা আফগান অভিবাসীদের বহনকারী একটি বাসের সঙ্গে আরও দুটি যানবাহনের সংঘর্ষে ৭৮ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৯ শিশু ছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য