পূর্ব লন্ডনের একটি ব্যস্ত সড়কের পাশে দোকানের ওপরের তলার জানালার কার্নিশে ঝুলে থাকা এক শিশুকন্যাকে নাটকীয়ভাবে উদ্ধারের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।
হৃদয়বিদারক ভিডিও ফুটেজে দেখা যায়, একটি পনশপের ওপরের তলার জানালার কার্নিশ আঁকড়ে ধরে ঝুলে আছে ছোট্ট মেয়েটি। নিচে জড়ো হওয়া লোকজন উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকলেও তাৎক্ষণিকভাবে সাহায্য করতে পারছিলেন না।
ভিডিওতে দেখা যায়, মেয়েটি প্রাণপণে নিজেকে ওপরে টেনে তোলার চেষ্টা করছে। পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকায় অবস্থিত ভবনটির জানালার বাইরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে ছিল সে।
এক পর্যায়ে নিচের একটি জানালা থেকে এক নারী বেরিয়ে এসে শিশুটির দিকে হাত বাড়ানোর চেষ্টা করেন এবং তাকে কিছু বলতে দেখা যায়।
এরপর নিচের একটি কার্নিশে এক পুলিশ কর্মকর্তা ও একজন খালি গায়ের ব্যক্তি অবস্থান নেন। এ সময় শিশুটিকে আরও বেশি বিপদে পড়তে দেখা যায় এবং নিচে জড়ো হওয়া জনতার উদ্বেগও বাড়তে থাকে।
হঠাৎ করেই মেয়েটি নিচে পড়ে যায়। মুহূর্তটির সঙ্গে সঙ্গে নিচে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ কর্মকর্তা ও ওই ব্যক্তি দ্রুত তাকে ধরে ফেলতে সক্ষম হন।
শিশুটিকে নিরাপদে ধরতে পারার পর চারপাশে স্বস্তির নিঃশ্বাস শোনা যায়। উপস্থিত অনেকেই করতালি দেন এবং ‘ভালো কাজ’ ও ‘শাবাশ’ বলে চিৎকার করতে থাকেন।
ঘটনাটির ভিডিও ধারণ করা হয় মঙ্গলবার।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগের খবর পাওয়ার পর বিকেল ৩টা ২০ মিনিটের কিছু সময় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের ধারণা, উদ্ধারের আগে অন্তত নয় মিনিট ধরে কার্নিশে ঝুলে ছিল শিশুটি। কারণ ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল প্রায় ওই সময়জুড়েই।
মেট পুলিশের এক মুখপাত্র বলেন, জানালার কার্নিশে একটি শিশুকে উঠতে দেখা যাওয়ার পর তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়।
তিনি বলেন, “উপস্থিত এক পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় এক ব্যক্তি বিকেল ৩টা ৩২ মিনিটে শিশুটিকে নিরাপদে উদ্ধার করেন।”
তিনি আরও জানান, “ঘটনায় শিশুটি কোনো ধরনের আঘাত পায়নি।”


