দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক নেতাকে আটকের পর দফায় দফায় সংঘর্ষ, বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশেষ নিরাপত্তায় ওই শ্রমিক নেতাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গত বুধবার রাতে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করে পুলিশ। ওই রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত কোতোয়ালি থানার সামনে দফায় দফায় এই সংঘর্ষ ও নাশকতার ঘটনা ঘটে। এতে কমপক্ষে দুটি বাসে ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ১০টি বাস ভাঙচুর এবং ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় আতঙ্কে শহরের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
আহতদের চারজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, সদর উপজেলার গাবুড়া বাজার থেকে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। রাত ১১টা থেকে থানার সামনে, কেন্দ্রীয় বাস টার্মিনাল, কেন্দ্রীয় ট্রাক টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাস ব্যারিকেড দিয়ে অবরোধ করে বাদশার মুক্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে শ্রমিকদের একটি অংশ। এতে দিনাজপুর জেলার সঙ্গে আন্ত জেলা বাস চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
শ্রমিকদের প্রথম পক্ষের অভিযোগ, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন শেখ বাদশা। নির্বাচন থেকে দূরে রাখতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, শেখ বাদশার বিরুদ্ধে তিনটি মামলা চলমান। তাঁকে ওই মামলাগুলোতে কোর্টে চালান দেওয়ার পর বিচারক জেলহাজতে পাঠিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।


