সম্মিলিত ইসলামী ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসক প্রত্যাহারের পর সংশ্লিষ্ট ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের গত সোমবারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পাঁচ ব্যাংকে নিয়োগ দেওয়া প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, পাঁচটি ব্যাংক থেকে পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহার করা হবে। তিনি বলেন, কোনো ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের পর ওই ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে চলে যাবে। তবে এর আগে ব্যাংকের আর্থিক অবস্থা, পরিচালনাগত দায় এবং পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করা হবে। তবে পাঁচটি ব্যাংকের নিয়ন্ত্রণ হস্তান্তরের নির্দিষ্ট সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রশাসক প্রত্যাহারের আগে প্রতিটি ব্যাংকের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক সক্ষমতা, কার্যক্রম পরিচালনার প্রস্তুতি এবং পুনর্গঠন পরিকল্পনার অগ্রগতি যাচাই করে কোন ব্যাংকের দায়িত্ব আগে নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন ব্যাংকের বোর্ড। এরপর সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংককে হস্তান্তরের সময়সূচি জানাবে। কেন্দ্রীয় ব্যাংক তখন যে ব্যাংকের দায়িত্ব নতুন বোর্ডের কাছে দেওয়া হবে, শুধু সেই ব্যাংকের প্রশাসককে অব্যাহতি দেবে। পাঁচটি ব্যাংকের প্রশাসককে একসঙ্গে প্রত্যাহার করা হবে না।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে আর্থিক সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
অন্তর্বর্তী সরকারের সময়ে এসব ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয়। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের পর প্রশাসক প্রত্যাহারের বিষয়টি সামনে আসে। ১৬ জুলাই মো. আবেদুর রহমান সিকদার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


