শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কথিত এক বক্তব্যের জেরে তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে জন্ম নিয়েছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের এক ফেসবুক পেজ। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রকাশ করে ফেসবুক পেজটি। ব্রয়লার চিকেন পেজ ।
টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে এর সূত্রপাত। পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একটি ফোনালাপের ভিডিও।
মঙ্গলবার দিনভর দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে শিক্ষার্থী আন্দলোল ও সড়ক অবরোধ করে। আর ‘ব্রয়লার চিকেন পার্টি’ পেজ থেকে দিনভর সেই আন্দোলনের ‘আপডেট’ দেওয়া হচ্ছে এবং ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।
রাজধানীর সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবক মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে মেয়ের সঙ্গে কথা বলার ব্যবস্থা করেন। সেই কথোপকথন অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে পরীক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এগুলো তো ফার্মের মুরগি। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।’
একই কথোপকথনে তিনি দাবি করেন, পরীক্ষা স্থগিতের পক্ষে তিনি ব্যক্তিগতভাবে মত দিয়েছিলেন। তবে জেলা প্রশাসক, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে আবহাওয়ার পূর্বাভাস ও অন্যান্য বিষয় বিবেচনা করে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, রুটিন প্রণয়নের ক্ষেত্রেও অংশীজনদের মতামত নেওয়া হয়েছিল এবং তিনিও পরীক্ষার্থীদের সুবিধার বিষয়টি বিবেচনায় রাখার চেষ্টা করেছিলেন।
ফোনালাপের ভিডিওটি ১৩ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ‘ফার্মের মুরগি’ শব্দবন্ধটি দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে। অনেক শিক্ষার্থীর কাছে মন্তব্যটি অবমাননাকর বলে মনে হয়।
ফলে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মুখে শোনা যায়, ‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি’ স্লোগান। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জোরালো হয়ে ওঠে। পরে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানেও একই দাবিতে বিক্ষোভ সমাবেশের হয়েছে।
এই প্রেক্ষাপটে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রকাশ করে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ফেসবুক পেজ। পেজটির প্রোফাইল ছবির পোস্টটি ১৩৫ বারের বেশি শেয়ার হয়েছে। পেজটিতে আন্দোলনের ছবি ও ভিডিও, বিভিন্ন স্থানের কর্মসূচির আপডেট, ব্যঙ্গধর্মী পোস্ট এবং হ্যাশট্যাগ ব্যবহার করে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।
এ ছাড়া বিভিন্ন শিরোনামে পোস্টও প্রকাশ করছে পেজটি। পেইজের বায়োতে লেখা হয়েছে, ‘আমরা অপমানিত হইনি, জাগ্রত হয়েছি।’ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পেজটির ফলোয়ার ১ হাজার ২০০ এবং পেজ থেকে ৩১টি পোস্ট শেয়ার করা হয়েছে।


