জর্ডানের বিপক্ষে আজ ম্যাচে লক্ষ্যভেদ করে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের টানা সাতটি ম্যাচে গোল করার গৌরব অর্জন করলেন এই আর্জেন্টাইন জাদুকর।এর মাধ্যমে তিনি ১৯৭০ বিশ্বকাপের ব্রাজিলিয়ান তারকা জাইরজিনহোর (যাকে ‘হারিকেন’ বলা হতো) দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিলেন।
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী এই মহাতারকা ২০২২ বিশ্বকাপের শেষ চারটি ম্যাচে (অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ১৬, নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল, ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনাল) গোল করেছিলেন।
এবার ২০২৬ আসরের প্রথম তিনটি ম্যাচেও সেই ধারা বজায় রাখলেন তিনি। এর ফলে মেসি গার্ড মুলার, লিওনিদাস, কারেকা, হামেস রদ্রিগেজ এবং রিভালদোর মতো কিংবদন্তিদের রেকর্ড ছাড়িয়ে গেলেন।
তবে জাইরজিনহোর রেকর্ডটি ছিল একটু ভিন্ন। ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার পথে সবগুলো ম্যাচেই (৬টি) গোল করেছিলেন তিনি।অন্যদিকে মেসি এই মাইলফলক স্পর্শ করলেন দুই বিশ্বকাপের আসর মিলিয়ে। জাইরজিনহো আজও বিশ্বকাপের একমাত্র খেলোয়াড় হিসেবে একটি একক আসরের প্রতিটি ম্যাচে গোল করার রেকর্ড নিজের দখলে রেখেছেন।
টানা গোল করার তালিকায় মেসি ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইনকেও পেছনে ফেলেছেন। ফন্টেইন ১৯৫৮ বিশ্বকাপে ৬ ম্যাচে ১৩ গোল করেছিলেন, যা এখনো একটি একক বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের করা সর্বোচ্চ গোলের রেকর্ড।
বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করা খেলোয়াড়দের তালিকা:
লিওনেল মেসি (৭টি ম্যাচ)
জাস্ট ফন্টেইন এবং জাইরজিনহো (৬টি ম্যাচ)
গার্ড মুলার, ইউসেবিও, লিওনিদাস, কারেকা, হামেস রদ্রিগেজ, রিভালদো এবং অন্যান্যরা (৫টি ম্যাচ)


