যমুনা সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দের মফিজ মোড়ে মুক্তা খাতুন (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ বিকৃত অবস্থায় লাশটি উদ্ধার করে। কিশোরীর লাশের পাশে লাল রঙের একটি বিয়ের শাড়ি পড়ে ছিল। মুক্তা খাতুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুব দেলুয়া গ্রামের আলতাব হোসেনের মেয়ে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সকালে মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। লাশের পাশে পড়ে ছিল লাল রঙের শাড়ি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির নিচে চাপা পড়ে ওই কিশোরী মারা গেছে। তিনি জানান, দুপুরের পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।


