Homeঅপরাধআমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবিতে দুদকে আবেদন

৫০ কোটি টাকা ঘুসের প্রস্তাব
আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবিতে দুদকে আবেদন

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুসের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশের দাবিতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন এক ছাত্রদল নেতা। সোমবার (২২ জুন) কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন জমা দেন।

আবেদনে উল্লেখ করা হয়, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তাকে ৫০ কোটি টাকার ঘুসের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এতে আরও উল্লেখ করা হয়, কতিপয় ব্যক্তি কর্তৃক সংসদ সদস্য আমির হামজাকে ঘুস প্রদানের প্রস্তাব একটি গুরুতর দুর্নীতিমূলক অপরাধ, যা রাষ্ট্র ও জনস্বার্থের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক যুক্ত। কিন্তু সংসদ সদস্য আমির হামজা বক্তব্যে সংশ্লিষ্ট ঘুস প্রস্তাবদাতাদের পরিচয়, সময়, স্থান ও পদ্ধতি বা অন্য প্রাসঙ্গিক তথ্য প্রদান করা হয়নি এবং বিষয়টি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্ত হয়নি। 

আবেদনে বলা হয়, এমন গুরুতর দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনার পরও কারা এ ঘুসের প্রস্তাব দিয়েছিল, তাদের পরিচয় কিংবা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জনসম্মুখে উপস্থাপন করা হয়নি। এ কারণে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় অনুসন্ধান পরিচালনার জন্য দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে হৃদয় হাসান বলেন, চলতি বছরের ১ এপ্রিল সংসদ সদস্য আমির হামজাকে ৫০ কোটি টাকার ঘুসের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ অথবা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে সাতদিনের মধ্যে ঘুস প্রস্তাবকারীদের নাম প্রকাশ অথবা তাদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাই অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তদন্তের স্বার্থে দুদকের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য