Homeজাতীয়গোসল করতে নেমে শীতলক্ষ্যায় ডুবল একই পরিবারের চারজন

আরও ছয়জনের মৃত্যু
গোসল করতে নেমে শীতলক্ষ্যায় ডুবল একই পরিবারের চারজন

বিভিন্ন স্থানে আরও ছয়জনের মৃত্যু

নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়িতে এসে নদীতে ডুবে জামাই, মেয়ে ও নাতিসহ চারজন নিখোঁজ হয়েছেন। গতকাল বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার চরলাখপুর এলকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজদের উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে, চারজনই ডুবে মারা গেছেন। তারা হলেন শিবপুর চরলাখপুর এলাকার মজিবুর শেখের বড় মেয়ের জামাই ওবাইদুল্লাহ (৩৫), মজিবুর শেখের ছোট মেয়ে শান্তা (২২), নাতি শান্ত (১৭) ও উদ্ধার করতে যাওয়া এলাকাবাসী সৌরব (১৫)। শিবপুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর ৩টার দিকে মজিবুর শেখের ছোট মেয়ে শান্তা গোসল করতে বাড়ির পাশের শীতলক্ষ্যা  নদীতে নামেন। ওই সময় তিনি নদীতে তলিয়ে যান। তাকে উদ্ধার করতে বড় মেয়ে শাহিনুরের জামাই ওবাইদুল্লাহ ও মেজো মেয়ের ছেলে শান্ত নদীতে নামেন। তারা দুজনও নদীতে তলিয়ে যান। পরে পাশের বাড়ির সৌরভসহ একাধিক ব্যক্তি নিখোঁজদের খুঁজতে নদীতে নামেন। ওই সময় সৌরভও নদীতে তলিয়ে যান। খবর পেয়ে বিকাল ৬টার দিকে শিবপুর ফায়ার সার্ভিস ও শিবপুর থানা পুলিশ নিখোঁজদের উদ্ধার অভিযানে নামেন। রাত হয়ে যাওয়ায় নদী থেকে কাউকে উদ্ধার করা যায়নি।  

পাবনা : পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে বাড়ির পাশের মাঠে ডোবার পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই শিশুরা হলো- দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলামের দুই সন্তান খালিদ হোসেন (৮) ও আফিয়া খাতুন (৫)। তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে তিন শিশু একসঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে মাঠের একটি নিচু অংশের গভীর পানিতে একটি শিশু তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিন শিশুর মৃত্যু হয়।

নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় পানিতে পড়ে আবদুল্লাহ নামে সাড়ে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার চিনাহালা গ্রামের বাড়ির পাশের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের কাজল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় ঘরের লোকজন রান্নার কাজে ব্যস্ত থাকায় পরিবারের লোকজনের আড়ালে শিশুটি পাশের পুকুরে পড়ে ডুবে যায়।

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জেলে ও বাসিন্দারা তাদের উদ্ধার করেন। একজনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে মুমূর্ষু অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলো- শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) ও কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, পেটে অতিরিক্ত পানি ঢোকায় এদের  মৃত্যু হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য