খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খালে ভাসতে থাকা লাশ উদ্ধারের ঘটনায় নেপথ্য কারণ হিসেবে বেরিয়ে এসেছে পরকীয়ার ক্ষোভ। গতকাল পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম মো. জজ মিয়া (৪৪)। নারায়ণগঞ্জের বন্দর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে তিনি। ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ জানান, এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ বলেছেন, জজ মিয়া তার এক সহযোগীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। এর জেরে তাকে হত্যা করা হয়। তবে প্রকৃত ঘটনা কী, তা যাচাইবাছাই করা হচ্ছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
যাত্রাবাড়ীতে বন্ধুর হাতে বন্ধু খুন : যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মো. রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার এসআই অতনু দে জানান, ভোরে একটি মোবাইল ফোন নিয়ে রাব্বীর সঙ্গে তার দুই বন্ধুর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে একজন রাব্বীকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় রাব্বী দৌড়ে পালানোর চেষ্টা করলে অতিরিক্ত রক্তক্ষরণে রাস্তায় পড়ে মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


