Homeঅপরাধযাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মো. ইমরান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া (৩৩) নামের আরেক যুবক গুরুতর আহত হন, তার অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাকারিয়া চিকিৎসাধীন রয়েছেন।

আহত জাকারিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ছয় থেকে সাতজন হেলমেট পরা ব্যক্তি সেখানে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ‘ইমরান, দৌড় দিবি না’ বলে চিৎকার করছিলেন তাঁরা। হঠাৎ একটি গুলি এসে তাঁর পায়ে লাগে।  ঘটনাস্থল থেকে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল নিয়ে গেছে বলেও জানান তিনি।

নিহত ইমরানের স্ত্রী সোনিয়া খান জানান, রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা ইমরানকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার হাকিম খানের ছেলে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য