Homeঢাকাটিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার চুরির শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী হাফিজার রহমান জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) স্ত্রীকে নিয়ে টিএসসিতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যান তিনি। রাত ১টা ৫০ মিনিটের দিকে হাকিম চত্বরের রোকেয়া হল-সংলগ্ন এলাকায় গাড়িটি পার্কিং করেন। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে দেখেন, নির্ধারিত স্থানে গাড়িটি নেই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরবরাহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাত্র দুই মিনিটের মধ্যে তিন ব্যক্তি পরিকল্পিতভাবে গাড়িটি চুরি করে নিয়ে যায়।

ফুটেজে দেখা যায়, দুইজন মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করেন এবং অপর একজন চুরি হওয়া প্রাইভেট কারটি চালিয়ে নীলক্ষেতমুখী সড়ক দিয়ে বেরিয়ে যান। ঘটনার পরদিন সকালে গাড়ির মালিকের বাবা সামসুল হক রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন। পরে শাহবাগ থানা পুলিশ বিষয়টি গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তরের পরামর্শ দিলে রোববার (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে এ-সংক্রান্ত আবেদন করেন ভুক্তভোগী।

হাফিজার রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলাফেরা করি। এখানকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজেও পড়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রাইভেট কার চুরির এমন ঘটনা আগে কখনো দেখিনি বা শুনিনি। বিষয়টি আমার কল্পনারও বাইরে ছিল।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘ঘটনার পরপরই আমরা ভুক্তভোগীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করেছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে এআই সক্ষম ক্যামেরা স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ নিয়ে প্রশাসনের কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে।’

এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য