রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় কবির আহমেদ (৪৫) নামে এক মোবাইল পার্টস ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহত কবির আহমেদকে হাসপাতালে নিয়ে আসা আক্তার হোসেন জানান, বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে এক ব্যক্তি কবির আহমেদের কোমরের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আক্তার হোসেন দাবি করেন, আহত কবির আহমেদ জামায়াতের সমর্থক।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত কবির আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


