দিনটি যেন ছিল ২০২৬ বিশ্বকাপের খাঁটি গোলদাতাদের। একই দিনে মাঠ মাতালেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আরলিং হালান্ড এবং প্রত্যেকেই পেলেন জোড়া গোলের দেখা! তারকাদের এই গোল উৎসবের রাতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার (গোল্ডেন বুট) লড়াইটি এখনই জমে ক্ষীর।
দিনের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্টে নিজের শীর্ষস্থান আরও মজবুত করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে তার সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি দুই প্রতিদ্বন্দ্বী এমবাপ্পে ও হালান্ড। নিজের নিজের ম্যাচে এই দুই স্ট্রাইকারও জোড়া গোল করে মেসির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন।
বর্তমানে ৫ গোল নিয়ে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে আছেন লিওনেল মেসি (আলজেরিয়ার বিপক্ষে ৩টি ও অস্ট্রিয়ার বিপক্ষে ২টি)।
অন্যদিকে সমান ৪টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আরলিং হালান্ড। এমবাপ্পে ও হালান্ড দুজনেই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে সমান দুটি করে গোল করেছেন (ইরাক ও সেনেগালের বিপক্ষে)।গ্রুপ পর্বের শেষ রাউন্ডে এই দুই তারকার দল একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে, যা গোল্ডেন বুটের লড়াইয়ে যোগ করেছে বাড়তি রোমাঞ্চ।
শীর্ষ তিন মহাতারকার পেছনে ৩টি করে গোল নিয়ে তালিকায় জায়গা করে নিয়েছেন জার্মানির ডেনিজ উন্দাভ এবং কানাডার জোনাথন ডেভিড। এছাড়া ব্রাজিলের মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়রসহ আরও ১৬ জন খেলোয়াড় ২টি করে গোল নিয়ে এই তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছেন।
এক নজরে ২০২৬ বিশ্বকাপের শীর্ষ গোলদাতার তালিকা:
লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৫ গোল
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৪ গোল
আরলিং হালান্ড (নরওয়ে): ৪ গোল
জোনাথন ডেভিড (কানাডা): ৩ গোল
ডেনিজ উন্দাভ (জার্মানি): ৩ গোল


