ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ইউনিয়ন পরিষদ সচিব নিহত হয়েছেন।
নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা। তিনি জেলা সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (২২ জুন) বেলা ১১টার পর করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
রিবুল হোসাইনের মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।


