Homeআন্তর্জাতিকফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩

ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩

ফিলিপাইনের একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। ফিলিপাইনে গুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল।

লেইতে প্রদেশের তাকলোবান সিটিতে অবস্থিত সান হোসে ন্যাশনাল হাই স্কুলে স্থানীয় সময় সকাল ৯টায় এই গুলির ঘটনা ঘটে। পুলিশ এখনো এই হামলার উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি।

আঞ্চলিক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম পিটিভি জানিয়েছে, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটক হওয়া দুজনই ছাত্র বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

প্রেসিডেন্টের মুখপাত্র ক্লেয়ার কাস্ত্রো সাংবাদিকদের বলেন, ‘ফিলিপাইন ন্যাশনাল পুলিশ ইতোমধ্যেই সন্দেহভাজনদের আটক করেছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে।

ফিলিপাইনে স্কুলে গুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও, প্রাদেশিক রাজনীতিতে লক্ষ্যভিত্তিক সহিংসতা ও গুলিবর্ষণের ঘটনা প্রায়ই দেখা যায়। এর আগে ২০২২ সালে রাজধানী ম্যানিলার অ্যাটেনিও দে ম্যানিলা বিশ্ববিদ্যালয়ে একটি সমাবর্তন অনুষ্ঠানের আগে গুলিবর্ষণের ঘটনায় একজন সাবেক মেয়রসহ তিনজন নিহত হয়েছিলেন।

পরে তদন্তে জানা যায়, ঘটনাটি ব্যক্তিগত কারণে সংঘটিত একটি হত্যাকাণ্ড ছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে বৈধভাবে অস্ত্র রাখার নিয়ম কঠোর হলেও অবৈধ অস্ত্রের একটি বড় বাজার বিদ্যমান।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য