আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে ঝটিকা মিছিল করেছেন দলটির কয়েক নেতাকর্মী। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২১ জুন) উপজেলার কানপাড়া-খড়খড়ি সড়কের ফলিয়ার বিল এলাকায় ১০ থেকে ১২ যুবক মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ঝটিকা মিছিল করেন। প্রায় ৫ থেকে ৬ মিনিট স্থায়ী ওই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে থাকা ব্যানারে ‘আয়োজনে—রাজশাহী জেলা আওয়ামী লীগ’ লেখা ছিল।
ব্যানারে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ছবি ছিল। এ ছাড়া সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিও স্থান পায়।
ব্যানারে ‘প্রত্যাবর্তন-০২’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানসহ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, মোটরসাইকেলে করে আসা ১০ থেকে ১২ জন যুবক ফলিয়ার বিলের মধ্যবর্তী সেতুর কাছে ব্যানার প্রদর্শন করে ছবি তোলেন। পরে তারা ব্যানার হাতে সংক্ষিপ্ত মিছিল করে দক্ষিণ দিকে চলে যান। মিছিল শেষে মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করেন। তাদের দেখে ছাত্রলীগের কর্মী বলে মনে হয়েছে।
রবিবার রাতে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিজেদের ফেসবুক আইডিতে এসব ছবি ও ভিডিও পোস্ট করেন। এরপর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ‘ঝটিকা মিছিলের বিষয়টি আমরা জেনেছি।কারা এ ধরনের মিছিল করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অংশগ্রহণকারীদের মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় প্রাথমিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।’


