Homeজাতীয়আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা; মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা; মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, দিনটি উপলক্ষে রাজধানীর ২০০টিরও বেশি কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে ঢাকার সব প্রবেশপথে কঠোর চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো। এর মধ্যে ডিবি (গোয়েন্দা শাখা) এবং সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা বা ষড়যন্ত্র প্রতিরোধে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালাবে।

যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য মহানগরের বিভিন্ন স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে। এছাড়া ঢাকার ৪টি প্রধান কন্ট্রোলরুমে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্তসংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই রাখা হবে, যাতে প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা যায়।

নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ১৮ হাজারের বেশি কর্মকর্তা ও সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। এ নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে দায়িত্ব পালন ও প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

জুন মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে রাজনৈতিক মামলায় ৮২ জন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরি সংক্রান্তে ১২১ জন, দস্যুতায় ১১৩ জন এবং ডাকাতি সংক্রান্তে ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির সকল থানা, ডিবি ও সিটিটিসি ইউনিটসহ জুন মাসে এ পর্যন্ত ৫৫ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ০৪ জন তালিকাভুক্ত চাঁদাবাজ।

ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে আশ্বস্ত করে বলা হয়েছে, রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো পরিস্থিতিতে ডিএমপি বদ্ধপরিকর।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য