চট্টগ্রামের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় জয়নাল আবেদিন (২৭) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সকালে পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার রাতে জয়নাল স্কুলের দিকে গেলে তাকে চোর সন্দেহে আটকে রাখা হয়। নিরাপত্তাকর্মীরা তাকে মারধরের পাশাপাশি বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করে। রাতভর নির্যাতনে তার মৃত্যু হয়। সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধরা কিছু সময় পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখে। পরে দুই নিরাপত্তাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।
কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


