Homeআন্তর্জাতিকহরমুজ প্রণালি আবারও বন্ধ করল ইরান

হরমুজ প্রণালি আবারও বন্ধ করল ইরান

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর খাতাম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, এ হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের হওয়া চুক্তি লঙ্ঘনের শামিল।

এতে আরও বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ থাকবে। শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এটি প্রথম পদক্ষেপ। আগ্রাসন অব্যাহত থাকলে তাদের প্রতিশ্রুতি মেনে চলতে আরও পদক্ষেপ নেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ আগ্রাসন শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় তেহরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা চুক্তি সম্পন্ন হলে প্রণালিটি আবার খুলে দেওয়া হয়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন একাধিক হামলা চালায়। এতে আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বংস হয়।

একইসঙ্গে ভোরের আগে ইসরায়েলি গোলন্দাজ বাহিনী নাবাতিয়েহ ও আশপাশের এলাকায় গোলাবর্ষণ করে। এসব হামলায় অন্তত পাঁচজন নিহত হন।

যদিও ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়পক্ষই শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিকেল ৪টা থেকে তা কার্যকর হয়, তবু যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আস্থার সংকট স্পষ্ট হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারকের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো—ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করবে। এর মধ্যে লেবাননও রয়েছে।

তবে ইসরায়েল এ চুক্তির পক্ষভুক্ত নয়। তেলআবিব শুরু থেকেই দাবি করে আসছে, তারা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অংশ নয় এবং নিজেদের নিরাপত্তা স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে।

এদিকে, অন্তর্বর্তী চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানাতে ইরানের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ফারস নিউজ এজেন্সিকে বলেন, সুইজারল্যান্ডে আমরা অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জোরালো দাবি জানাব। তারা তাদের দায়বদ্ধতা পালনে কী পদক্ষেপ নিতে চায়, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইব।

তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তবে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মেহের নিউজ এজেন্সি জানায়, প্রতিনিধিদলটি কয়েক মিনিটের মধ্যে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দেবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য