Homeঅপরাধছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত মোটরসাইকেল চালক

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত মোটরসাইকেল চালক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তেঘরিয়া ইউনিয়নের আবদুল্লাহপুর বাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পবন রাজধানীর পোস্তগোলা করিমুল্লাবাগ এলাকার শফিকুল ইসলাম মাসুদের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে। গতকাল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পবন মোটরসাইকেলে আবদুল্লাহপুর বাজার ব্রিজ এলাকা পার হচ্ছিলেন। তাঁর মোটরসাইকেলে এক নারী আরোহী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আবদুল্লাহপুর ফ্লাইওভারের ওপর পৌঁছালে একদল ছিনতাইকারী তাঁর গতি রোধ করে। তারা মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পবন বাধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর বুকে ও শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে দেয় এবং মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। ঘটনার পর কয়েকজন পথচারী রক্তাক্ত ও গুরুতর অবস্থায় পবনকে ফ্লাইওভারের ওপর পড়ে থাকতে দেখেন। পবন পথচারীদের জানান, ছিনতাইকারীরা তাঁকে ছুরি মেরে মোটরসাইকেল নিয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষানিরীক্ষা শেষে রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক পবনকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, পবনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য