প্রতিশ্রুতি মেনে না চললে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিরবৈরী দুই দেশের মাঝে যুদ্ধ অবসানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের মাত্র দুই দিন আগে বুধবার এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগেই হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভেঙে তেল রপ্তানি শুরু করেছে ইরান। আগামীকাল সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, সেটির দিকে ইঙ্গিত করে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলনে ট্রাম্প বলেছেন, এটি চূড়ান্ত চুক্তি নয়। এটি একটি সমঝোতা স্মারক। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির উপস্থিতিতে তিনি বলেন, এটি (চুক্তি) যদি আমার পছন্দ না হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আবারও হামলা শুরু করব। তারা যদি ভালোভাবে না চলে, তাহলে আমরা সরাসরি তাদের মাথার ঠিক মাঝবরাবর আবারও বোমা ফেলা শুরু করব। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে মার্কিন মিত্র শাহকে ক্ষমতাচ্যুত করে যে ইসলামিক প্রজাতন্ত্রটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইরানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা ৪৭ বছর ধরে অসদাচরণ করে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা স্বাক্ষরের আগেই বেশ কয়েকটি ইরানি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালিতে অবরোধ পাড়ি দিয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণ ওয়েবসাইটের বরাতে গতকাল আল জাজিরার খবরে বলা হয়, গত দুই দিনে প্রথমবারের মতো অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। ট্যাংকার ট্রাকার্স বলছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) ডিওনা এবং হিরো ২ নামের দুটি ট্যাংকার অবরোধ পাড়ি দিয়েছে। ট্যাংকার দুটিতে মোট ৩৮ লাখ ব্যারেল তেল রয়েছে। এ ছাড়া স্ট্রিম নামের আরেকটি ট্যাংকার ইরানের বন্দরের দিকে যাত্রা করেছে। এনআইটিসির সোনিয়া-১ নামের তৃতীয় আরেকটি ট্যাংকার ১০ লাখ ব্যারেল তেল নিয়ে অবরোধ পাড়ি দিয়েছে।
মার্কিন অবরোধ ভেঙে তেল রপ্তানি শুরু ইরানের
এই ক্যাটাগরির আরো সংবাদ


