যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্ক সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক নিরাপত্তা মন্ত্রী টম টুগেনডহ্যাট। তাঁর দাবি, মোবাইল সংযোগের মান এতটাই খারাপ যে এক দশক আগে আফগানিস্তানের রাজধানী কাবুলেও এর চেয়ে ভালো সেবা পাওয়া যেত।
টুগেনডহ্যাট অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো উন্নয়নের পরিবর্তে বর্তমান লেবার সরকার এমন প্রকল্পে অর্থ ব্যয় করছে, যেগুলোর বাস্তব উপকারিতা সীমিত। তাঁর মতে, যোগাযোগব্যবস্থার মতো মৌলিক খাতে প্রয়োজনীয় বিনিয়োগের অভাব পরিস্থিতিকে আরও খারাপ করছে।
তিনি বলেন, দেশের শীর্ষ মোবাইল নেটওয়ার্কগুলোর গ্রাহক হওয়া সত্ত্বেও নিয়মিত সংযোগ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। সেবার মান ক্রমাগত অবনতি হলেও মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের কাছ থেকে আগের চেয়ে বেশি মূল্য আদায় করছে।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণার তথ্যও তাঁর বক্তব্যকে আংশিকভাবে সমর্থন করেছে। গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের বড় শহরগুলোর মধ্যে ৫জি নেটওয়ার্কের পারফরম্যান্সের দিক থেকে লন্ডন সবচেয়ে পিছিয়ে রয়েছে।
তবে এ অবস্থার জন্য মোবাইল অপারেটরগুলো সরকারের নীতিগত জটিলতাকেই দায়ী করছে। তাদের দাবি, পুরোনো ও জটিল পরিকল্পনা ও অনুমোদন ব্যবস্থার কারণে নতুন মোবাইল টাওয়ার ও অ্যান্টেনা স্থাপন করা কঠিন হয়ে পড়েছে। ফলে নেটওয়ার্ক সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে এবং এর প্রভাব পড়ছে গ্রাহকসেবার ওপর।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত লন্ডনে মোবাইল নেটওয়ার্ক নিয়ে এমন সমালোচনা দেশটির ডিজিটাল অবকাঠামো উন্নয়ন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


