Homeআইন আদালতসুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিষয়ে আপিল শুনানি ১ সেপ্টেম্বর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিষয়ে আপিল শুনানি ১ সেপ্টেম্বর

সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ-সংবলিত হাইকোর্টের রায়ের বিষয়ে করা আপিল শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।

এর আগে ৮ জুন আপিল বিভাগ সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ-সংবলিত হাইকোর্টের রায় স্থগিত করে আপিল শুনানির জন্য আজকের দিন (১৬ জুন) ধার্য করেন।

এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষের করা আপিলের সঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের করা পৃথক দুটি আপিল একসঙ্গে আপিল আদালতের আজকের কার্যতালিকার ৫ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং আপিলকারী জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম নিজে উপস্থিত ছিলেন। বদিউল আলম মজুমদারের পক্ষে ছিলেন আইনজীবী কারিশমা জাহান।

পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, অ্যাটর্নি জেনারেল সময়ের প্রার্থনা করেন। সুপ্রিম কোর্ট সচিবালয়-সংক্রান্ত আপিল মামলা শুনানি ১ সেপ্টেম্বর হবে।

সাত আইনজীবীর করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে নির্দেশ দেওয়া হয়।

বর্তমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতগুলোর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিষয়ে বলা আছে।

রায়ে সংবিধান ও আইনের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা জড়িত থাকায় আপিলের জন্য সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুসারে সার্টিফিকেট ইস্যু করা হয়। ফলে সরাসরি আপিল করার সুযোগ তৈরি হয়।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় গত ৭ এপ্রিল প্রকাশের পর সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম চলমান রাখতে রাখতে স্থিতাবস্থা ও সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইনের বিধানগুলোর কার্যক্রম স্থগিত চেয়ে আবেদনসহ গত ২০ এপ্রিল আপিল করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

আর হাইকোর্টের রায় বাতিল চেয়ে গত ২১ মে আপিল করে রাষ্ট্রপক্ষ। এ আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়েও আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেদিন চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আপিল ৯ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এ ছাড়া ১১৬ অনুচ্ছেদের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম আরেকটি আপিল করেন।

রাষ্ট্রপক্ষের করা আপিল ও আবেদনের সঙ্গে বদিউল আলম মজুমদার ও আইনজীবী আহসানুল করিমের করা পৃথক আপিল একসঙ্গে শুনানির জন্য আপিল বিভাগের ৮ জুনের কার্যতালিকায় ওঠে।

শুনানি নিয়ে ৮ জুন আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করে আপিল শুনানির জন্য আজ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আপিল শুনানির জন্য ১ সেপ্টেম্বর তারিখ ধার্য হলো।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য