Homeঅপরাধইতালির ভিসা জালিয়াতি বিমান কর্মকর্তা গ্রেপ্তার

ইতালির ভিসা জালিয়াতি বিমান কর্মকর্তা গ্রেপ্তার

জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে মোহাম্মদ আখলাছুর রহমান নামের বাংলাদেশ বিমানের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস বিভাগের জুনিয়র অফিসার (আইএনএস গেট) হিসেবে কর্মরত। গতকাল মঙ্গলবার দুপুরে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সিরিয়াস ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) বদরুল আলম মোল্লা এ তথ্য জানান।

তিনি জানান, ইতালিতে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে একটি মানব পাচারকারী চক্র কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে জনপ্রতি ৩০ লাখ টাকার চুক্তিতে ২০ লাখ টাকা করে আদায় করে। পরে তাদের নেপাল ও ইতালিগামী টিকিট, বোর্ডিং পাস এবং ইতালির শেনজেন ভিসা সরবরাহ করা হয়। গত ২৬ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির উদ্দেশে যাত্রা করার পর রোমের ফিউমিচিনো লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসাগুলো পরীক্ষা করে জাল বলে শনাক্ত করে। এ ঘটনায় ভুক্তভোগীদের আটক রাখা হয় এবং দুই দিন পর গত ২৮ মে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

দেশে ফিরে ইমিগ্রেশন পুলিশ, সিআইডি ও সংশ্লিষ্ট সংস্থার জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা পুরো ঘটনার বর্ণনা দেন। তদন্তে জানা যায়, বৈধ কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে জাল ভিসা সরবরাহের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয় মানব পাচারকারী চক্রটি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন-২০২৬ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এসএসপি বদরুল আলম মোল্লা বলেন, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে আখলাছুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, এ চক্রের মূল হোতা ও অন্য সহযোগীদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থান বা অভিবাসনের ক্ষেত্রে বৈধ ও সরকার অনুমোদিত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য