Homeজাতীয়মির্জা ফখরুল হচ্ছেন রাষ্ট্রপতি

জামায়াত জোটের প্রার্থী অলি
মির্জা ফখরুল হচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেতে পারেন বলে দলে প্রবল আলোচনা আছে। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা না হলেও রাষ্ট্রপতি পদে ঘুরেফিরে তাঁর কথাই বলছেন দলীয় নীতিনির্ধারকরা। যদিও দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাষ্ট্রপতি পদে মনোনয়নের সর্বময় ক্ষমতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অর্পণ করেছে। বিএনপি গতকাল নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র কিনেছে।

প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য এখন পর্যন্ত মনোনয়নপত্র না কিনলেও গতকাল রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে। জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে জোটের প্রার্থী করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আলোচনায় এগিয়ে মির্জা ফখরুল :

বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার তথ্য অনুযায়ী, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন দলীয় মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ পর্যন্ত তাঁকেই মনোনয়ন দিতে পারেন বলে দলের নীতিনির্ধারণী পর্যায় মনে করছে। দলীয় কয়েকজন নেতা জানান, দলের দীর্ঘদিনের মহাসচিবকেই রাষ্ট্রপতি পদে মনোনীত করা হবে। এ পদে মির্জা ফখরুলের নামটি অনেকটা নিশ্চিত বলে অনেকের ধারণা।

১ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত।

দলের শীর্ষ পর্যায়ে কথা বলে জানা যায়, রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, দলীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খানের নাম আলোচনায় আছে। চারজনই বিএনপিতে পোড় খাওয়া নেতা হিসেবে সমাদৃত।

২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিরোধী দলের মুখপাত্র হিসেবে গণমাধ্যমে তাঁর পরিচিতি আরও বাড়ে। ২০১১ সালের ২০ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর খালেদা জিয়া তাঁকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি মহাসচিব নির্বাচিত হন।

জামায়াতের প্রার্থী অলি আহমদ :

রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। গতকাল রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর এ তথ্য জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য