জলাবদ্ধতার কারণে বুধবার এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্র পরিবর্তন করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।
এদিন কুমিল্লা সরকারি মহিলা কলেজের পরিবর্তে অজিতগুহ কলেজে পরীক্ষা নেওয়া হবে। জলমগ্নতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেয়ারম্যান জানান, অন্য কোনো কেন্দ্রে এমন পরিস্থিতি তৈরি হয়নি।
সোমবার ভারী বর্ষণে কুমিল্লা নগরীতে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। কোমরপানি মাড়িয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হয়। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, তারা পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন করেন।
চেয়ারম্যান বলেন, সোমবার পরীক্ষা গ্রহণে বোর্ডের আন্তরিকতায় ঘাটতি ছিল না। ভোররাতের বৃষ্টিতে পরীক্ষা স্থগিত করার সুযোগ ছিল না। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করেছেন। ভবিষ্যতে শিক্ষার্থীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে। এ ধরনের পরিস্থিতিতে বোর্ড আরও সতর্ক থাকবে।


