Homeজাতীয়লাশ গোসলের ঘর নিয়ে জামায়াত ও বিএনপির সংঘর্ষ

লাশ গোসলের ঘর নিয়ে জামায়াত ও বিএনপির সংঘর্ষ

রাজধানীর পল্লবীতে মৃতদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণেরও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঘর নির্মাণে বাধা দিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পাঁচ রাউন্ড গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। তবে পল্লবী থানা পুলিশ জানিয়েছে, গোলাগুলির কথা শুনলেও এর সত্যতা এখনো পাওয়া যায়নি।

স্থানীয় একাধিক বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল ৪টার পর পল্লবীর তালাব ক্যাম্পের ১১ নম্বর ব্লকের ৪ নম্বর লাইনে মৃতদেহ গোসল করানোর জন্য একটি ঘর নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষ বিরোধে জড়ায়। স্থানীয়দের অভিযোগ, বিরোধের নেপথ্যে বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কু জড়িত। ক্যাম্পে নিজের ক্ষমতা ধরে রাখতে তিনি বাসিন্দাদের মৃতদেহ গোসল করানোর জায়গা তৈরিতে বাধা দেন। স্থানীয়দের আরও অভিযোগ, ঘর নির্মাণ করতে আসা জামায়াতের কর্মীদের ওপর ফাক্কুর নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করা হয়।

স্থানীয় সূত্রগুলো জানায়, সংঘর্ষের সময় জামায়াতের কর্মী মানিক ও সুমনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে, ফাক্কুর নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের ২০০ থেকে ৩০০ জন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। ক্যাম্পের বিএনপি নেতা ফাক্কুর নেতৃত্বে সশস্ত্র হামলা চালানোর অভিযোগও উঠেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন, তা আমাদের জানা নেই। ক্যাম্পের ভেতর গোলাগুলি হয়েছে বলে শুনেছি। তবে আমরা এখনো এর সত্যতা পাইনি।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য