চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় মাদক মামলার আলোচিত আসামি আলমগীরকে গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ডবলমুরিং থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা হলেন ডবলমুরিং থানায় কর্মরত এসআই (নি.) মোবিনুল ইসলাম (৩৬)।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালের মিনি অপারেশন থিয়েটারে (মিনি ওটি) নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ডবলমুরিং থানার একটি অভিযানিক দল খুলশীর আমবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দুষ্কৃতিকারীরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই মোবিনুল ইসলামকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করা হয়। একই ঘটনায় আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তারের সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আহত এসআই মোবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এদিকে আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


