নড়াইলের কালিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এবং কুষ্টিয়ার দৌলতপুরে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে মনি মিয়া শেখ (৪৬) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে গতকাল ভোর পৌনে ৬টার দিকে তিনি মারা যান। নিহত মনি মিয়া জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পুঠিমারি বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মনি মিয়া। পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছলে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সামিরুলের শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সকালে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে একটি মাঠের বাঁশের মাচার ওপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা লাশটি উদ্ধার করেন। নিহত সামিরুল তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


