রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৪টি মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫০ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৯ জন, মিরপুর বিভাগ থেকে ১০৭ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা বিভাগ থেকে ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬টি ইয়াবা ট্যাবলেট এবং ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্রাইন্ডিং মেশিন এবং একটি স্ট্যান্ড ফ্যান জব্দ করেছে পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


