যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র, লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। ক্ষমতাসীন দলটির অধিকাংশ সংসদ সদস্য তাঁর প্রতি সমর্থন জানানোয় এ প্রেক্ষাপট তৈরি হয়েছে। সূত্র : রয়টার্স
প্রাপ্ত খবর অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দিনে ৪০৩ জন লেবার এমপির মধ্যে ৩২২ জনের সমর্থন পেয়েছেন বার্নহ্যাম। বর্তমানে তিনি এ পদের একমাত্র ঘোষিত প্রার্থী। এর মাধ্যমে তিনি দলটির পরবর্তী প্রধান ও দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে গেছেন।
প্রসঙ্গত, প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, সেজন্য গাণিতিকভাবে ৩২৩ জন এমপির সমর্থন প্রয়োজন। ফলে একমাত্র প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন থেকে বার্নহ্যাম মাত্র এক ভোট থেকে দূরে রয়েছেন। সূত্র বলছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা হিসেবে বার্নহ্যামের নাম ঘোষণা করা হবে। এরপর ২০ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। লেবারের কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁরা ভোট দিতে পারেননি। তবে পার্লামেন্টে ফিরে বার্নহ্যামের পক্ষেই সমর্থন দেবেন।
উল্লেখ্য, গত মাসে লেবার নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। মে মাসে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে দলের হতাশাজনক ফলের পর দলীয় এমপিদের মধ্যে নেতৃত্ব ও নীতিগত পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।


