Homeআন্তর্জাতিকযুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে

যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্যেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে। গতকাল চার মাসের মধ্যে প্রথমবারের মতো সৌদি আরবে হামলা চালিয়েছে ইরান। এ ছাড়া কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় অন্তত দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান, রিফুয়েলিং ট্যাংকার, দূরপাল্লার রাডার, অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র ধ্বংস হয়েছে। অন্যদিকে ইরানের উপকূলীয় এলাকায় নতুন করে দুটি সেতু ও একটি টানেলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দুজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে জানা যায়, সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। চার মাসের মধ্যে সৌদি আরবে ইরানের প্রথম সরাসরি সামরিক হামলা এটি। এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা সৌদি আরবের ঠিক কোন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এক বিবৃতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, রাতভর হামলায় কুয়েতের আরিফজান স্থলবাহিনীর লজিস্টিকস কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সেনা সমাবেশস্থল, আলি আল-সালেম বিমানঘাঁটির একটি রাডার, অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং ড্রোন আশ্রয়কেন্দ্র ধ্বংস করা হয়েছে। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে বড় ধরনের আকস্মিক হামলায় একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি বিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জর্ডানের আল-আজরাকে মার্কিন সামরিক বিমানঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। পাশে থাকা আরও কয়েকটি যুদ্ধবিমানেরও ক্ষতি হয়েছে। বাহরাইনে মার্কিন ড্রোনের একটি মজুতাগারে হামলা চালানো হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের সহায়তায় বাহরাইনের প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রটি ধ্বংস করা হয়েছে।

হরমুজের বিকল্প চালু করছে ইরাক, ডজনের বেশি চুক্তি স্বাক্ষর : যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনার কারণে হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির জন্য পাইপলাইন চালু করছে ইরাক। এ লক্ষ্যে পশ্চিমা তেল কোম্পানিগুলোর সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে ইরাক সরকার। এর মধ্যে একটি হলো- জ্বালানি সরবরাহ পথ পুনরুদ্ধার করা। এ চুক্তির মাধ্যমে বাগদাদ হরমুজ প্রণালি ব্যবহার না করেই তেল রপ্তানি করতে পারবে। গতকাল ওয়াশিংটনে ইউএস চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরাক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র : মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার কারণে ওই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে উচ্চমাত্রার উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। এ কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। যারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি চলমান পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য