Homeঅর্থনীতিবিদেশি সহায়তার প্রতিশ্রুতি কমেছে ২৩ শতাংশ

বিদেশি সহায়তার প্রতিশ্রুতি কমেছে ২৩ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের জন্য বিদেশি সহায়তার প্রতিশ্রুতি প্রায় ২৩ শতাংশ কমেছে। একই সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ আরও বেড়েছে, যা দেশের ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ দায়ের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রাথমিক তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি দাঁড়িয়েছে ৪২২ কোটি মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫৪৮ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতিশ্রুতির পরিমাণ কমেছে প্রায় ২৩ শতাংশ।

ইআরডির সর্বশেষ তথ্যানুযায়ী, মূলত প্রকল্প সহায়তার প্রতিশ্রুতি কমে যাওয়ায় সামগ্রিক বিদেশি সহায়তা হ্রাস পেয়েছে। আলোচ্য সময়ে প্রকল্প সহায়তার আওতায় ঋণ প্রতিশ্রুতি এসেছে ৪০৬ কোটি ডলার এবং অনুদান ১৫ কোটি ৮৮ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে ঋণের প্রতিশ্রুতি ছিল ৫১০ কোটি ৮০ লাখ ডলার এবং অনুদান ছিল ৩৮ কোটি ১০ লাখ ডলার।

তবে নতুন প্রতিশ্রুতি কমলেও বিদেশি সহায়তার অর্থ ছাড়ের পরিমাণ উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে মোট ৪৫৭ কোটি ডলার সহায়তা ছাড় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫৬০ কোটি ডলার। এর মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে ছাড় হয়েছে ৪৫৩ কোটি ডলার, যার মধ্যে ঋণ ৪১৪ কোটি ডলার এবং অনুদান ৩৯ কোটি ৩৮ লাখ ডলার। একই সময়ে খাদ্যসহায়তা বাবদ ৪ কোটি ডলার ছাড় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৩ কোটি ৫০ লাখ ডলারের তুলনায় সামান্য বেশি।

অন্যদিকে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরও বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছে ৪১৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৭৮ কোটি ডলার।

মোট পরিশোধিত অর্থের মধ্যে ২৬৮ কোটি ডলার ছিল আসল এবং ১৪৪ কোটি ডলার ছিল সুদ। স্থানীয় মুদ্রায় বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৫১৫ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৫ হাজার ৬৭৬ কোটি ৮ লাখ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি ঋণে বাস্তবায়িত বড় বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পগুলোর ঋণ পরিশোধ পর্ব শুরু হওয়ায় বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে। আগামী বছরগুলোতে এ চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য