রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। গতকাল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, ‘এই নির্বাচনের জন্য আইটি সাপোর্টেড যে পোস্টাল ভোটিং, সেটারও প্রস্তুতি নিচ্ছি।
২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে : আখতার আহমেদ বলেন, ‘ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে। এ ক্ষেত্রে পাঁচ ধাপে নাকি সাত ধাপে হবে তা এখন পর্যন্ত পর্যালোচনায় আছে। তবে সম্ভবত আমরা উপজেলাভিত্তিক
নির্বাচনটা করব। এ ক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সবগুলো কাভার করব, যাতে নির্বাচন ব্যবস্থাপনাটা সুষ্ঠু হয়।ধরেন, একটি উপজেলায় ছয়টি ইউনিয়ন রয়েছে। তিনটি ইউনিয়নে একসঙ্গে করলাম, আর পরে করলাম তিনটি; এতে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশন নির্ধারণ করবে।’
সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে পরিচয়পত্র দেবে ইসি : জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ ক্ষেত্রে নির্বাচনসংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসিসহ (আরএফডি) অন্যান্য অংশীজনের মতামতের ভিত্তিতে একটি সফটওয়্যার প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। গতকাল অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে আখতার আহমেদ বলেন, ‘আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি একটি প্রতিবেদন দেবে, যার ভিত্তিতে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’


