সাভারে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী ব্যানার ও লাঠি নিয়ে মহাসড়কে মিছিল বের করলে টহল পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় বেশ কয়েকজন সাঁতরে পাশের জলাশয়ে পালিয়ে যায়। ১৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
সাভার মডেল থানার এসআই আনোয়ার হোসেন জানান, আটকদের মধ্যে পৌর এলাকার নেতাকর্মী বেশি। তারা হলেন সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, চালক ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুন্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া। এদের মধ্যে ৪ জন বাসস্ট্যান্ডের রেন্ট-এ-কার চালক, বাকি ৯ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


