Homeজাতীয়শাহজালালে বিমানে ৫ ঘণ্টা আটকা ১৮২ যাত্রীর ভোগান্তি

শাহজালালে বিমানে ৫ ঘণ্টা আটকা ১৮২ যাত্রীর ভোগান্তি

​হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখা হয় ১৮২ যাত্রীকে। ওই সময় দীর্ঘক্ষণ খাবার বা প্রয়োজনীয় সহায়তা না দেওয়া এবং এয়ারলাইনসের কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন একাধিক যাত্রী।

তবে এয়ারলাইনস কর্তৃপক্ষ এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ১১ জুলাই রাত সোয়া ২টায় ঢাকা থেকে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে ফিটস এয়ারের (৮ডি ০৯১২) ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল। তবে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে প্রকৌশলীরা বিমানের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি শনাক্ত করেন। তা মেরামত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত রাখা হয়।

শেষমেশ দীর্ঘ বিলম্বের পর সকাল ৭টা ৫০ মিনিটে বিমানটি কলম্বোর উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। ​ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, উড্ডয়ন স্থগিত হওয়ার পর রাত ২টা ৪৫ মিনিট থেকে উড্ডয়নের আগে পর্যন্ত তাঁদের বিমানের ভেতরেই বসিয়ে রাখা হয়। বদ্ধ পরিবেশ ও দীর্ঘ সময় কোনো খাবার বা পানি না পাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কয়েকজন যাত্রী দাবি করেন, তাঁরা ফ্লাইট বাতিলের অনুরোধ জানিয়ে বিমান থেকে নামতে চাইলে এয়ারলাইনসের কর্মীরা তাঁদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন।

​অন্যদিকে ফিটস এয়ারের প্রতিনিধি রানা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বিলম্বের জন্য শুধু কারিগরি ত্রুটি দায়ী ছিল না; রানওয়ে সংস্কার, বৈরী আবহাওয়া এবং বিমানবন্দরের পরিচালনাগত সীমাবদ্ধতার কারণেও ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে। যাত্রীদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়নি বলেও তিনি দাবি করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারিগরি ত্রুটির কারণে উড্ডয়ন বিলম্বিত হয় এবং যাত্রীরা প্রায় পাঁচ ঘণ্টা বিমানের ভেতরে ছিলেন। তিনি আরো জানান, সকাল ৬টার দিকে যাত্রীদের জন্য হালকা নাশতার ব্যবস্থা করা হয়েছিল। তবে এয়ারলাইনসের কর্মীদের বিরুদ্ধে কোনো যাত্রী বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য