Homeঢাকারাজধানী‌তে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত

রাজধানী‌তে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন— এসআই (নিরস্ত্র) সামসুজ্জোহা (৩৪) ও কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছিনতাই করে অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজনদের ধাওয়া দেয় পুলিশের একটি টহল দল। এ সময় মোটরসাইকেলে থাকা দুই পুলিশ সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ছিনতাইকারীরা।

হামলায় দুই পুলিশ সদস্যের বাম কাঁধে ছুরিকাঘাত করা হয়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থার বিবেচনায় পরে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

শেরেবাংলা নগর থানার এএসআই মোমিন জানান, আহত দুই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, “দুই পুলিশ সদস্যেরই বাম কাঁধের ওপর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য