Homeআন্তর্জাতিকরাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪৯

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪৯

রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ-এর দুটি প্রধান লজিস্টিকস গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় সাতজন নিহত এবং অন্তত ৪৯ জন আহত হয়েছেন। হামলার পর সব মৃত্যুর ঘটনা এবং ২৫ জন আহতের খবর পাওয়া গেছে মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বভ শহরের একটি গুদাম থেকে। এ ছাড়া বাকি ২৪ জন আহত হয়েছেন মস্কো অঞ্চলের ইলেক্ট্রস্টাল এলাকায় অবস্থিত ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার দায় স্বীকার করে দাবি করেছেন, ওয়াইল্ডবেরিজের এই প্রধান লজিস্টিকস স্থাপনাগুলো রাশিয়ার ড্রোন উৎপাদন এবং নেভিগেশন সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত বিভিন্ন উপাদান সরবরাহ করার কাজে ব্যবহৃত হতো। একই রাতে ইউক্রেনীয় বাহিনী আজভ সাগর, কৃষ্ণ সাগর এবং রাশিয়ার দখল করা ক্রিমিয়ার বিভিন্ন রুশ সামরিক লক্ষ্যবস্তুতেও সফল আঘাত হেনেছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ইউক্রেন জুড়ে রাশিয়ার পাল্টা হামলায় ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হন।

রাশিয়ার ‘অ্যামাজন’-এ আঘাত

ওয়াইল্ডবেরিজকে মূলত রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে গণ্য করা হয়। সম্প্রতি বিজ্ঞাপন সংস্থা রুস-এর সাথে একীভূত হওয়া আরডব্লিউবি গ্রুপের বাজারমূল্য ফোর্বসের ২০২৬ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী প্রায় ১২.৬ বিলিয়ন ডলার। এই ভয়াবহ ড্রোক হামলাকে রাশিয়া ও তাঁদের কোম্পানির জন্য একটি ‘ভয়ংকর রাত’ বলে আখ্যায়িত করেছেন ওয়াইল্ডবেরিজের সিইও তাতিয়ানা কিম।

তাম্বভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভেশভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, রাতের শিফটে কাজ করার সময় সাতজন কর্মী ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি আরও যোগ করেন, আকাশসীমায় আসার পর রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে হামলায় আহত ২৫ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জনের অবস্থা অত্যন্ত গুরুতর। এই আঘাতের বেশিরভাগই বোমার টুকরো বা শ্র্যাপনেলের ক্ষতের কারণে হয়েছে।

তেল ডিপোতেও বিস্ফোরণ

এদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, ইলেক্ট্রস্টালের ওয়াইল্ডবেরিজ গুদামে হামলায় আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও যোগ করেন, রাতে ওই অঞ্চলে মোট ৪৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থার তোড়জোড় সত্ত্বেও ভূপাতিত হওয়া একটি ড্রোন সরাসরি রুশ একটি তেলের ডিপোতে আঘাত হেনেছে, যা সেখানে একটি মারাত্মক অগ্নিকাণ্ড ও জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট জেলেনস্কিও ইউক্রেনীয় বাহিনী কর্তৃক রাশিয়ার একটি তেল স্থাপনায় সফল আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য