জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খেজুরবাগানসংলগ্ন সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে রনজিলা পারভিন (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই দিনে রাজধানীর কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. জনি (৩৫) নামের আরেক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ বলছে, তিনিও ছিনতাইকারী ছিলেন।
নিহত রনজিলা পারভিন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চিকিৎসকের পরামর্শ নিতে স্বামীর সঙ্গে বগুড়া থেকে গতকাল শনিবার ভোরে ঢাকায় এসেছিলেন তিনি। ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাবতলীতে বাস থেকে নেমে রিকশায় করে স্বামীর সঙ্গে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন রনজিলা পারভিন। ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খেজুরবাগানসংলগ্ন সড়কে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাঁর ব্যাগ ধরে টান দেয়। এতে চলন্ত রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
শেরেবাংলানগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘একটি বাইকে দুজন এসে চলন্ত অবস্থায় ওই শিক্ষিকার ব্যাগ ধরে টান দেয়।


