Homeঅপরাধ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার আদিল বিন মামুন অভিযোগ করেছেন, পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে ‘ডেভিড ইমন’ নামের এক ব্যক্তি তার কাছে ২ কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় তার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, চাঁদা পরিশোধের জন্য দুই দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হওয়ার পর সোমবার দুপুরে চন্দনপুরার এক্সেস রোড এলাকায় অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। হামলাকারীরা প্রতিষ্ঠানের বিভিন্ন কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুর করে এবং প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীদের অধিকাংশের মুখ ঢাকা ছিল। তাদের কারও হাতে আগ্নেয়াস্ত্র, আবার কারও হাতে রামদা, শাবল ও ধারালো অস্ত্র ছিল। হামলার সময় কর্মীরা আতঙ্কিত হয়ে পড়লেও তাদের শারীরিকভাবে আঘাত করা হয়নি।

ঘটনার পর প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শামশুদ্দোহা মিনহাজ চকবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আদিল বিন মামুন ও কথিত ‘ডেভিড ইমন’-এর মধ্যে হওয়া একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি ব্যবসা চালিয়ে যেতে চাইলে ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা দেওয়ার দাবি জানাতে শোনা যায়। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য