Homeঅপরাধরথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা থাকা নারীকে হত্যা

রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা থাকা নারীকে হত্যা

ঝালকাঠি শহরের একটি বাসা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা রথযাত্রার উৎসবে অংশ নিতে বাইরে ছিলেন।

শুক্রবার রাতে শহরের টিঅ্যান্ডটি এলাকার একটি চারতলা ভবনের নিচতলার একটি বাসা থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য, বিকেলে পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় রথযাত্রার উৎসবে অংশ নিতে যান। সে সময় বাসায় একাই ছিলেন মলিনা রায়।

সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বাসায় ফিরে দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান। পরে একটি কক্ষের ভেতরে বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করা হয়।

পুলিশ ও পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, ডাকাতির উদ্দেশ্যে বাসায় ঢুকে বাধার মুখে দুর্বৃত্তরা মলিনা রায়কে হত্যা করে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এ সব তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবর। 

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য