চাঁদার টাকা না পেয়ে দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা ও ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরে। শহরের উত্তর তেমুহনী সংলগ্ন কালীবাজার সড়কে মঙ্গলবার দুপুরে এ ঘটনায় তিন ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বুধবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে মো. দেলোয়ার হোসেন (৪৫), তাঁর ছোট ভাই শাকিল ও ভাগিনা মুন্না এ হামলা চালান। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহেদ আলম রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দেলোয়ার প্রথমে একটি সেলুনে গিয়ে দৈনিক ৫০০ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সেলুন ব্যবসায়ী জগদীশ বাবু ও তাঁর ছেলেকে মারধর করে চাঁদা আদায় করা হয়। পরে মোবাইল সার্ভিসের দোকানি কৃষ্ণপালের কাছেও একই অঙ্কের চাঁদা দাবি করেন তিনি। অভিযোগ অনুযায়ী, চাঁদা না পেয়ে দেলোয়ার পেট্রোলের বোতল নিয়ে শাহেদ আলমের ফুড কেমিক্যালের দোকানে ঢুকে মালামালে পেট্রোল ছিটিয়ে দেন। একপর্যায়ে পাশে থাকা ব্যবসায়ী কৃষ্ণপালের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে দোকানের কর্মচারী সোহাগকে মারধর ও পায়ে কামড় দেওয়া হয়।
পরে দেলোয়ার, শাকিল ও মুন্না দেশি অস্ত্র নিয়ে হামলা চালালে শাহেদ আলম, সোহাগ ও রাকিব আহত হন। তাঁদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বাজারে এমন ঘটনা আগে ঘটেনি। এতে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. ইব্রাহিম খলিল বলেন, ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


