Homeঅপরাধআট তলা ভাড়া নিয়ে প্রতারণা

আট তলা ভাড়া নিয়ে প্রতারণা

বিদেশি চক্রের ৬৩ জন চট্টগ্রামে আটক

চট্টগ্রাম মহানগরের খুলশী কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি ভবন থেকে আটক ব্যক্তিদের ব্যাপারে পুলিশ তাদের ভাষ্য দিয়েছে। এতে বলা হয়েছে, ৪ নম্বর রোডের ওই আট তলা ভবনের পুরোটা ভাড়া নিয়ে দেশিবিদেশি চক্র অনলাইন প্রতারণার ঘাঁটি গড়ে তুলেছিল। বৃহস্পতিবার পুলিশের অভিযানে ওই ভবন থেকে ৬৩ বিদেশিকে আটক করা হয় এবং তাদের মধ্যে ২০ জন নারীও রয়েছেন। তাদের কারও কাছেই পাসপোর্ট পাওয়া যায়নি।

গতকাল সিএমপির অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ভবনে অভিযান শুরু করে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ। শেষ হয় গতকাল বেলা ১টার দিকে। প্রায় ১৩ ঘণ্টার এ অভিযানে ভবন থেকে উদ্ধার করা হয়েছে ব্যবহৃত ৫৭টি ল্যাপটপ, ১৩৪টি মোবাইল ফোন, ১টি ট্যাবসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস ডিভাইস।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, আটক বিদেশিরা অনলাইন স্ক্যাম চক্রের সদস্য বলে প্রাথমিক তথ্য পাওয়ার পরই অভিযান চালানো হয়। তাদের আটক করা হলেও দেশি চক্রটিকে এখনো শনাক্ত করা যায়নি। আটক বিদেশিদের কারও পাসপোর্ট উদ্ধার করতে না পারায় তারা কে কখন বাংলাদেশে এসেছেন তাও এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। এক বাংলাদেশির কাছে সব পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন বলে তারা দাবি করেছেন। পুলিশ এখন চক্রের হোতাকে খুঁজছে। এই সঙ্গে পাসপোর্ট জমা নেওয়া ব্যক্তি এবং স্থানীয়ভাবে যার মাধ্যমে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে সেই ব্যক্তিকেও খুঁজছে। ব্রিফিংয়ে জানানো হয়, আটক বিদেশিদের মধ্যে পাঁচজন চীন, ৩৫ জন লাওস, ২১ জন পাকিস্তান, একজন নেপাল ও একজন ভিয়েতনামের নাগরিক। এর মধ্যে ২০ জন নারী। আটক ব্যক্তিরা দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় অবস্থান করে অনলাইনভিত্তিক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ, অনলাইন জুয়া এবং বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা ও অন্যান্য অনলাইন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ ছাড়া বাংলাদেশে তাদের সংঘবদ্ধ অপরাধমূলক কার্যক্রম নির্বিঘ্নে ও নিরাপদে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তা প্রদানকারী দেশি ও বিদেশি সহযোগী রয়েছেন। এসব সহযোগীর মধ্যে কয়েকজন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য